April 17, 2026, 12:18 pm

অলিম্পিকের ১০টি পদক হারালেন সাঁতারু, আগুনে পুড়ে ছাই



লোস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে হাজার হাজার মানুষ আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। আমেরিকান সাঁতারু গ্যারি হল জুনিয়রও এই দাবানলের শিকার হয়েছেন। প্যাসিফিক প্যালিসেডস এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকা হল তার সাঁতারের পুল এবং দশটি অলিম্পিক মেডেলসহ বহু মূল্যবান জিনিস হারিয়েছেন।

অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া সাক্ষাৎকারে হল বলেন, এই ধ্বংসযজ্ঞ কোনো “অ্যাপোক্যালিপ্স মুভির” চেয়েও ভয়াবহ। তিনি বলেন, “এটা যে কোনো অ্যাপোক্যালিপ্স মুভির চেয়েও ভয়াবহ ছিল, হাজার গুণ বেশি। লস অ্যাঞ্জেলেসে এখন বিশৃঙ্খল অবস্থা। আমরা আগুনে ঘেরা ছিলাম। গাড়িতে উঠার সময় আমার উপর জ্বলন্ত কয়লা পড়ছিল। আমি শুধু আমার কুকুর আর কয়েকটি জিনিস নিয়ে বের হতে পেরেছি। এখানে সবাই নিজের জন্য লড়ছে।”

আগুন থেকে বাঁচতে তাড়াহুড়ো করে বের হওয়ার সময় হল তার দশটি অলিম্পিক মেডেল নিয়ে যেতে পারেননি। ১৯৯৬ সালের আটলান্টা, ২০০০ সালের সিডনি এবং ২০০৪ সালের অ্যাথেন্স অলিম্পিক গেমসে তিনি পাঁচটি সোনা, তিনটি রূপা ও দুটি ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন।

হল বলেন, “মেডেলগুলোর কথা ভেবেছিলাম, কিন্তু সময় পাইনি। সবাই জানতে চায় মেডেলগুলো পুড়ে গেছে কিনা। হ্যাঁ, সবকিছু পুড়ে গেছে। এগুলো ছাড়া আমি বাঁচতে পারব। আসলে সবই তো জিনিসপত্র। নতুন করে শুরু করতে কঠোর পরিশ্রম করতে হবে। আর কী করা যায়?”

হল জানান, শুধু তার বাসা বা সাঁতারের পুলই নয়, তার ব্যবসাও ধ্বংস হয়ে গেছে। এখন তাকে নতুন করে শুরু করতে হবে।

১০০ মাইল বেগে বাতাসের সঙ্গে এই দাবানল মঙ্গলবার থেকে চলছে। পশ্চিম আমেরিকায় দাবানল স্বাভাবিক ঘটনা হলেও বিজ্ঞানীরা বলছেন, মানুষের সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এখন আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে।



Source link



Official Page